চাঁদপুরে নকল ও ভেজাল পণ্যের ডিলারকে এক লাখ টাকা জরিমানা, ৭ দিনের কারাদণ্ড

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় মোবাইল কোর্টের অভিযানে অটোরিকশাভর্তি নকল ও ভেজাল পণ্যসহ এক ডিলারকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযুক্ত ডিলারকে এক লাখ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দ করা আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের নকল ও ভেজাল পণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়।
সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ভিক্সল, তারপিনসহ প্রায় ৭-৮ ধরনের অননুমোদিত ও মানহীন পণ্য অন্য কোম্পানির লেবেল নকল করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়।
ক্যাব প্রতিনিধি ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালকের উপস্থিতিতে পণ্যের বিষয়ে যাচাই-বাছাই করা হয়। সংশ্লিষ্টরা জানান, এর আগেও একই অপরাধে ওই ডিলারকে দুইবার জরিমানা করা ও সতর্ক করা হয়েছিল।
অনুসন্ধানে জানা যায়, নকল পণ্য তৈরির কারখানাটি মতলব দক্ষিণ উপজেলার পানির ট্যাংকি এলাকায় অবস্থিত। কারখানার মালিকের কাছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন এবং আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।




