ফ্যসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে ২৮ জুনের মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, যৌক্তিক রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং ইসলাম, দেশ, মানবতাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ২৮ জুন ২০২৫ (শনিবার)-এর মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ মহাসমাবেশ থেকে পীর সাহেব চরমোনাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন।
তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন এখন সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া জুলাই অভ্যুত্থানের প্রতিফলন ঘটবে না। আমরা বিশ্বাস করি, দেশের সিংহভাগ জনগোষ্ঠী ও রাজনৈতিক দলের প্রতি সম্মান প্রদর্শন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নতুন করে আর ফ্যাসিজম তৈরি হবে না। কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। পেশীশক্তির ব্যবহার বন্ধ হবে।
মঙ্গলবার (২৪ জুন ২০২৫) ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মোটর শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইনের সভাপতিত্বে পথসভাগুলোতে বক্তব্য রাখেন মাওলানা হেলাল আহমাদ, মাওলানা নুরুদ্দীন খান, মাওলানা মজিবুর রহমান, সিরাজুল ইসলাম, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা মনির হোসাইন, মাইনুদ্দীন প্রমুখ।




