পরিচ্ছন্ন শহর গড়তে ‘ক্লিন চাঁদপুর’-এর ব্যতিক্রমী উদ্যোগ : বর্জ্য জমা দিলেই উপহার!

চাঁদপুর শহরের যত্রতত্র প্লাস্টিক ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে সংগঠনটি ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’—এই স্লোগানে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরাণবাজার বৌ-বাজার সড়কের পৌর ডাস্টবিন সংলগ্ন এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
কর্মসূচিস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা বাসা-বাড়ি ও চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্য কুড়িয়ে এন ‘ক্লিন চাঁদপুর’-এর স্টলে জমা দিচ্ছেন। এর বিনিময়ে স্বেচ্ছাসেবকরা তাদের হাতে তুলে দিচ্ছেন পুষ্টিকর খাবার ও গাছের চারা। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
কর্মসূচিতে উপস্থিত থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, “চাঁদপুরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। যত্রতত্র প্লাস্টিক ফেলার কারণে নালা-নর্দমা বন্ধ হয়ে বর্ষায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়। মানুষকে সচেতন করতেই বর্জ্যের বিনিময়ে খাবার ও গাছ দেওয়ার এই ব্যবস্থা করা হয়েছে।”
সংগঠন সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচিটি পর্যায়ক্রমে চাঁদপুর পৌরসভার সবক'টি ওয়ার্ডে পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ‘ক্লিন চাঁদপুর’ শহরের পরিচ্ছন্নতার পাশাপাশি সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রম, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।




