চাঁদপুর সরকারি কলেজের নতুন ক্যাম্পাস নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে চাঁদপুর সরকারি কলেজের নতুন আধুনিক ক্যাম্পাস নির্মাণের উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৮ জুন ২০২৬ তারিখে জারি করা সরকারি চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। চাঁদপুরের উচ্চশিক্ষার ইতিহাসে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল। জানা গেছে, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়।
প্রস্তাবিত নতুন ক্যাম্পাস বাস্তবায়িত হলে কলেজের দীর্ঘদিনের ক্লাসরুম সংকট, আধুনিক ল্যাবের অভাব এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যা উল্লেখযোগ্যভাবে দূর হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং একটি আধুনিক, যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এই খবরটি প্রকাশের পর বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ চাঁদপুরবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন শুরু হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।




