অনিয়মের অভিযোগে মতলব ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান সাখাওয়াত বরখাস্ত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন মুকুল এবং ৭নং ওয়ার্ডের সদস্য মো: খলিল মিজিকে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত (২৯ সেপ্টেম্বর ২০২৫খ্রি.) উপসচিব মো. নূরে আলমের স্বাক্ষরিত এক পরিপত্রের ৪৬,০০,১৩০০,০০০,০১৭.২৭,০০০৩.২২-৭৫৬ নং স্মারকে তাদেরকে বরখাস্ত করেন।
চিঠিতে উল্লেখ্য করা হয়, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন মুকুল এবং ৭নং ওয়ার্ডের সদস্য মো: খলিল মিজির বিরুদ্ধে ভিজিএফ চাল জনপ্রতি ৮০ কেজির স্থলে ৭০ কেজি করে বিতরণের অনিয়মের অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক, চাঁদপুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।
যেহেতু, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: সাখাওয়াত হোসেন মুকুল এবং ৭নং ওয়ার্ডের সদস্য জনাব মো: খলিল মিজি এর বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।
সেহেতু চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন মুকুল এবং ৭নং ওয়ার্ডের সদস্য জনাব মো: খলিল মিজি কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), আইন ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ৭নং ওয়ার্ডের সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলো।
এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।




