মতলব উত্তরে ডাকাত কিবরিয়া মিয়াজিসহ পাঁচ সদস্য আটক

চাঁদপুরের মতলব উত্তর মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজিসহ পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় অস্ত্র, গোলাবারুদ, স্পিডবোট ও নগদ অর্থসহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫খ্রি.) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীপথে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র নৌযানগুলোতে অস্ত্রের মুখে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাল্কহেডে ডাকাতির প্রস্তুতিকালে কিবরিয়া মিয়াজির পাঁচজন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকি টকি,
৬টি মোবাইল ফোন, একটি স্পিডবোট এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। জব্দ করা অস্ত্র ও আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, অভ্যন্তরীণ নৌ-পথকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। নদীপথে কোনো সন্ত্রাসী বা অপরাধীচক্রকে ছাড় দেওয়া হবে না।




