মতলব উত্তরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “মানুষের দুঃসময়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। শীতের তীব্রতা বেড়ে চলছে।
অসহায় শীতার্ত মানুষ যাতে কোনো কষ্ট না পায়, সেদিকে দৃষ্টি রেখে পাশে দাঁড়াতে হবে। সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শীতার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসা খুবই প্রশংসনীয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ও সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
মাহমুদা কুলসুম মনি জানান, শীতকালীন সহায়তা যেন সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায় সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীসহ অন্য সকল সদস্য। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
শীতের শুরুতেই সুবিধাবঞ্চিত মানুষ উপহারস্বরূপ এই কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন। কম্বল পেয়ে অনেকেই জানান, শীতের শুরুতেই এ সহায়তা তাদের পরিবারে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। গ্রামবাসী ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




