চাঁদপুর সকাল

যৌথবাহিনীর অভিযানে মতলবে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

৫ মাস আগে
যৌথবাহিনীর অভিযানে মতলবে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুরের মতলব দক্ষিণে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় আব্দুল হাই স্টোরকে ৩ হাজার টাকা ও গাজী ট্রেডার্সকে ২ হাজার টাকা, মতলব বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ভাই ভাই হোটেল এন্ড কেবিনকে ১০ হাজার টাকা, আদি গান্ধী ঘোষকে ২০ হাজার টাকা, ঘোষ কেবিনকে ৩০ হাজার টাকা, মুসলিম সুইটমিটকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় দেলোয়ার হোটেলকে ৫ হাজার টাকা এবং নষ্ট ও পঁচা মাংস ফ্রিজে সংরক্ষণ করায় বাবুল মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার ও মতলব বাজারের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য ও চাঁদপুর জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।


এসময় উক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকগণ পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।


এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।