চাঁদপুর সকাল

ঘোষেরহাটে বিশ্বখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রায় ২৩ ঘন্টা আগে
ঘোষেরহাটে বিশ্বখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) বিকেল সোয়া ৪টার দিকে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি ফলক উন্মোচন করার পর খালে নেমে নিজ হাতে কোদাল দিয়ে খালের মাটি পুনঃখনন করেন। এরপর প্রধানমন্ত্রী খাল পাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন। বিশ্ব খালটি ডাকাতিয়া নদী হতে ঘোষেরহাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত দীর্ঘ। বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

ঘোষেরহাটের এ বিশ্বখাল পুনঃখনন সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। পরে মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। এ কর্মসূচি শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে ভাষন দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য (মহিলা এমপি), কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ¦ রাশেদা বেগম হীরা (এম এ এমফিল)। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান সফিকুজ্জামান ,সাবেক সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুলহ নেতৃব›ৃদ ।

এর আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে রওনা দিয়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুকে পৌঁছান তারেক রহমান। সেখানে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক জনসভায় বক্তব্য শেষে তিনি চাঁদপুরের ঘোষেরহাটে আসেন। শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খাল পুনঃখননের মাধ্যমে জেলায় এ কর্মসূচির সূচনা করা হয়। পরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।