ডিবি পুলিশের অভিযানে চাঁদপুরে নাশকতা মামলায় কাকন গাজী গ্রেপ্তার

চাঁদপুর শহরে আবারও গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ নেতা কাঁকন গাজী। নাশকতা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের আদালত প্রাঙ্গণের একটি হোটেল থেকে ডিবি পুলিশের এসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কাঁকন গাজীকে আটক করেন। পরে তাকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া কাঁকন গাজী চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং ষোলঘর পাকা মসজিদ এলাকার মৃত মিজান গাজীর ছেলে। এর আগেও তিনি একটি নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্ত হওয়ার পর আবারও ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন।
ডিবি পুলিশ জানিয়েছে, চাঁদপুর মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। চাঁদপুর শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




