চাঁদপুর সকাল

চাঁদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ সম্পন্ন

প্রায় ৯ ঘন্টা আগে
চাঁদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ সম্পন্ন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মেলার সমাপনী দিনে অনুষ্ঠিত হয়েছে জনসচেতনতামূলক সভা।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, আজ যারা এই ভূমি মেলায় অংশগ্রহণ করেছো, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। ভূমি সংক্রান্ত জটিলতা দূর করতে বর্তমান সরকার ডিজিটাল পদ্ধতিতে আধুনিক ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। আগামী দুই বছরের মধ্যেই জমিজমা নিয়ে দীর্ঘদিনের ঝামেলা ও ভোগান্তি অনেকাংশে কমে যাবে।

তিনি আরও বলেন,আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া দলিলপত্র ছিল এনালগ পদ্ধতিতে হাতে লেখা। কোথাও সিএস আছে তো বিএস নেই, কোথাও আরএস নেই—এসব কারণেই দীর্ঘদিন মামলা-মোকদ্দমা চলেছে। এখন জিওসেন্সি পদ্ধতির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হয়েছে। যার জমি, সে-ই তার সঠিক অধিকার পাবে। এ সময় তিনি সকলকে নিজেদের জমির কাগজপত্র ডিজিটালাইজড করার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন,বর্তমান সরকার ভূমিসেবাকে ডিজিটাল সেবায় রূপান্তর করায় সাধারণ মানুষ এখন সহজে ও দ্রুত সেবা পাচ্ছে। ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদ্যোগ প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,সহ-সভাপতি ডিএম শাহাজাহান।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী , ভূমি অফিসের প্রতিনিধি এবং ভূমি অফিসের কর্মকতাগন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয় এবং জমির কর প্রদানকারীদের মধ্যে তাদেরকে স্ব স্ব ব্যাক্তি কে কর রশিদ তুলে দেন চাঁদপুর-৩ সংসদ সদস্য এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।

মেলায় আগত সেবাগ্রহীতারা বিভিন্ন স্টল ঘুরে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান, তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি ও অনলাইন ভূমিসেবা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সেবা ও তথ্য প্রদান করা হয়।

মেলায় মোট ১১টি ভূমিসেবা বিষয়ক স্টল স্থাপন করা হয়। এসব স্টলের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও ডিজিটাল সেবার আওতায় আনার উদ্যোগ তুলে ধরা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং সেবা গ্রহণকে আরও সহজ ও কার্যকর করবে।

উল্লেখ্য, সারাদেশে একযোগে গত ১৯ মে ভার্চুয়ালি ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।