চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ থেকে ২০ জুন ২০২৫ পর্যন্ত সদর উপজেলায় পরিচালিত ৫টি পৃথক অভিযানে ১৮ লাখ ১৫ হাজার টাকা মূল্যের মোট ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় ৪ জন আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।
চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, স্মারক নং ১০০০৩, ১০০০৮, ১০০০৫, ১০০০৬ ও ১০০০৭ (তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫) অনুযায়ী, কোস্ট গার্ডের মালখানায় রক্ষিত ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার তা ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত, সরকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশাল দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মোঃ আহসান হাবিব।
এছাড়াও সংশ্লিষ্ট থানার পুলিশ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বলেন, দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা, চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



