চাঁদপুর সকাল

চাঁদপুরে জুলাই-আগস্টের ৩ মামলায় দীপু মনি-মায়াসহ ৮৬০ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রায় ১৮ ঘন্টা আগে
চাঁদপুরে জুলাই-আগস্টের ৩ মামলায় দীপু মনি-মায়াসহ ৮৬০ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনের চার মামলার মধ্যে তিনটির তদন্ত শেষে ৮৬০ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ।

চার্জশিটভুক্তদের মধ্যে রয়েছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ ও অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী।

চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া চারটি মামলার মধ্যে তিনটির তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে তদন্তকারী কর্মকর্তা এসআই নূরে আলম একটি মামলায় ৩৭৮ জন, এসআই নাজমুল আরেকটি মামলায় ২০১ জন এবং সাবেক তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত তৃতীয় মামলায় ২৮১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তিন মামলায় মোট চার্জশিটভুক্ত আসামির সংখ্যা ৮৬০ জন।
চার্জশিটে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এবং অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে।

পুলিশ সূত্র জানায়, মামলাগুলোর তদন্তে এজাহারভুক্ত আসামিদের পরিচয় যাচাই, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য-প্রমাণ পর্যালোচনা করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতেই পৃথক তিন মামলায় অভিযোগপত্র প্রস্তুত করে আদালতে দাখিল করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া চারটি মামলার মধ্যে তিনটির চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বাকি একটি মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। তদন্ত শেষ হলে ওই মামলার অভিযোগপত্রও আদালতে দাখিল করা হবে।

তিনি আরও জানান, আদালত চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে চার্জশিটভুক্ত আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আলোচিত মামলাগুলোর মধ্যে তিনটির চার্জশিট আদালতে দাখিলের মধ্য দিয়ে মামলাগুলো এখন পরবর্তী আইনি প্রক্রিয়ায় প্রবেশ করেছে। ফলে আদালতের পরবর্তী নির্দেশনা ও বিচারিক কার্যক্রমের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।