চাঁদপুর সকাল

চাঁদপুরে চিকিৎসককে মারধর, থানায় মামলা

১০ মাস আগে
চাঁদপুরে চিকিৎসককে মারধর, থানায় মামলা

চাঁদপুরে রোগীর মৃত্যুর কারনে হাসপাতালের কক্ষে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা করেছে রোগীর স্বজনরা।


সোমবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনায় আহত চিকিৎসক মোঃ মাহমুদুল হাসান (৪৫) বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় প্রধান আসামীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার নং-৯৮। গত রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।


মামলার এজহার সূত্রে জানা যায়, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকের কক্ষে কর্মরত ছিলেন ডাঃ মোঃ মাহমুদুল হাসান। বিকেল ৫টা ২০ মিনিটে জনৈক আরিফুজ্জামান (৪২) নামে একজন রোগী জরুরী বিভাগে আসে। চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করিয়া কিছু পরীক্ষা দেন। পরবর্তীতে রোগীর পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তাহার হার্টের সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহন করার জন্য বলেন। রোগী তাহার বাড়ীতে বিয়ের অনুষ্ঠান আছে বলে ভর্তি হইতে পারিবেনা বলে জানালে চিকিৎসক তাকে কিছু ঔষধ লিখে দেন এবং দ্রুত কার্ডিওলজি ডাক্তারের স্বরনাপন্ন হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।


পরে রোগী আরিফুজ্জামান হাসপাতাল হতে চলে যায়। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অজ্ঞাতনামা কয়েকজন হঠাৎ করে কাউকে কিছু না বলে চিকিৎসকের রুমে প্রবেশ করে সরকারী কর্তব্য কাজে বাঁধা প্রদান করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং রুমে থাকা চেয়ার টেবিলে লাথি মারা শুরু করে। পরে চিকিৎসক কি হয়েছে জানতে চাইলে তারা বলে, “তুই কেন আমাদের রোগী দেখছ নাই” বলিয়া ক্ষিপ্ত হয়ে রুমে থাকা চেয়ার দিয়ে চিকিৎসককে হত্যার উদ্দেশ্যে আঘাত করে এবং কিল, ঘুষি মেরে বুক, হাত সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে।


পরে চিকিৎসকের সহকারী সহ হাসপাতালের স্টাফরা এগিয়ে আসলে তাদের সাথেও হাতাহাতি করে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং প্রকাশ্যে বিভিন্ন হুমকী ধমকী প্রদান করে।


পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে, অসুস্থ রোগী জনৈক আরিফুজ্জামান হাসপাতাল হতে বাড়ীতে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তিনি মৃত্যুবরণ করেন।


মামলার বাদী ডাঃ মাহমুদুল হাসান বলেন, “তুই কেন আমাদের রোগী দেখছ নাই” বলে অপবাদ তারা দিয়েছে। আমি যদি তাদের রোগীকে না দেখতাম, চিকিৎসা না দিতাম। তাহলে তাদের বাড়িতে বিয়ে অনুষ্ঠান আছে তা আমি কিভাবে জানবো। রোগী আমার সাথে অনেকক্ষণ বসে কথা বলেছেন এবং বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে বলে জানালে কিছু ঔষধ লিখে দেই। এছাড়া রোগীকে দ্রুত একজন কাডিওলজি চিকিৎসকের পরামর্শের জন্য বলা হয়। হয়তো এ ঘটনাটি পূর্ব পরিকল্পিতও হতে পারে।


চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, চিকিৎসককে ঘটনাটি মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে শিঘ্রই অভিযান পরিচালনা করা হবে।