চাঁদপুর সকাল

চাঁদপুরে বিশিষ্ট আইনজীবী অ্যাড. রুহুল আমিনের দাফন সম্পন্ন

২৩ দিন আগে
চাঁদপুরে বিশিষ্ট আইনজীবী অ্যাড. রুহুল আমিনের দাফন সম্পন্ন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দুবারের সাবেক সভাপতি মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট মো. রুহুল আমিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) চাঁদপুর আদালত চত্বরে জানাজা শেষে তাঁকে বাসস্ট্যান্ডস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়। এডিএম কোর্টের সামনে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন চেয়ারম্যানঘাটা জামে মসজিদের খতিব মাওলানা সাইফুদ্দীন খন্দকার।

জানাজার পূর্বে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) কামাল হোসাইন, সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা বারের সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু এবং মরহুমের ছোট ভাই নুরুল আমিন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

জানাজায় জেলা বারের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সালসহ বিচার বিভাগের বিচারক, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) হাইমচর সিভিল আদালতে মামলা পরিচালনাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। শুক্রবার তাঁর গ্রামের মতলব উত্তরের নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৫৪ বছরের পেশাগত জীবনে অ্যাডভোকেট নিষ্ঠার সঙ্গে আইনচর্চা করেছেন। এর আগে শিক্ষকতা ও ব্যাংকিং খাতেও তিনি দায়িত্ব পালন করেন। এ ছাড়া মতলব ডিগ্রি কলেজ সরকারিকরণ এবং নিজ এলাকায় শিক্ষা বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।