চাঁদপুরে ৫৪তম শীতকালীন স্কুল-মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

চাঁদপুরে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত চাঁদপুর জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) চাঁদপুর আধুনিক স্টেডিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। উদ্বোধনী ও প্রতিযোগিতা পর্বে জেলার ৮টি উপজেলা থেকে বিজয়ী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ৮টি করে দল অ্যাথলেটিকস, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত) এবং সাইক্লিং ইভেন্টে অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইভেন্টভিত্তিক টিম গঠন করে শিক্ষার্থীদের সারা বছর নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ জানান, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বহরের শর্ত অনুযায়ী ক্লাবভিত্তিক দল গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। যেমন— ফুটবল ক্লাব, কাবাডি ক্লাব, ভলিবল ক্লাব, ক্রিকেট ক্লাব, ব্যাডমিন্টন ক্লাব, দাবা ক্লাব ও সুইমিং ক্লাব। সপ্তাহের যেকোনো একদিন শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।
তিনি আরও জানান, এসব ক্লাব সঠিকভাবে গঠন ও পরিচালনা হচ্ছে কিনা তা তদারকির জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং জেলা শিক্ষা অফিসের পরিদর্শকদের নির্দেশনা দেওয়া হয়েছে।অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও শিক্ষার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।




