চাঁদপুর সকাল

চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

৪ মাস আগে
চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

চাঁদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২১তম জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।


গতকাল (১৮ অক্টোবর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলার ৮টি উপজেলার মধ্যে বাছাই পর্বে একে একে প্রতিপক্ষ দলকে পরাজিত করে ফাইনালে মুখোমুখি হয় ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা দল।


খেলার শুরু থেকেই মাঠে উত্তেজনা ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে মতলব উত্তর উপজেলা দল ৪-২ গোলে ফরিদগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।


তিনি বলেন, চাঁদপুর জেলায় এই ধরনের খেলাধুলার আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ করে। মাঠে হাজারো দর্শকের উপস্থিতি প্রমাণ করে—চাঁদপুরবাসী এখনো খেলাধুলা ও ক্রীড়া সংস্কৃতিকে ভালোবাসেন।


তিনি আরও বলেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক সমাজকে। তাদের সংবাদ প্রচারের কারণেই আজ মাঠে গ্যালারি পরিপূর্ণ দর্শকে ভরে গেছে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই প্রতিটি উপজেলায় এমন টুর্নামেন্ট হওয়া উচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।


তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। প্রশাসন ও পুলিশ সবসময়ই এই ধরনের ইতিবাচক কর্মকাণ্ডের পাশে থাকবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, জেলা ম্যাজিস্ট্রেটগণ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, অ্যাড. নূরুল আমিন খান আকাশ, বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়, কোচ, অভিভাবক ও বিপুলসংখ্যক দর্শক।


ফাইনাল খেলার শেষে বিজয়ী মতলব উত্তর উপজেলা দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ পুরস্কার এবং রানার্স আপ ফরিদগঞ্জ উপজেলা দলকে ট্রফি প্রদান করা হয়।


পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন এবং খেলার সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে জেলা ক্রীড়া সংস্থা।


চাঁদপুরবাসীর প্রত্যাশা, আগামী বছর আরও জাঁকজমকপূর্ণ আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।