বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষে চাঁদপুর জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রা

চাঁদপুর জেলা সদরে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পহেলা বৈশাখে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
এদিন চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেস ক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন, চাঁদপুর জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। এছাড়াও শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। নানা বয়স ও পেশার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে।
শোভাযাত্রাশেষে ডাকাতিয়া নদীর পাড়ে আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও লোকজ পরিবেশনায় মুগ্ধ হন দর্শনার্থীরা। এছাড়া নদীর পাড় জুড়ে আয়োজন করা হয় বৈশাখী মেলা ও লোকজ পণ্যের প্রদর্শনী। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। শোভাযাত্রায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাট্য ও সাংবাদিক সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন। শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানে শিশু-কিশোর থেকে সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো চাঁদপুরেও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় এবং মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। চাঁদপুর জেলা সদরে নববর্ষের দিনব্যাপী কর্মসূচির মধ্যে শোভাযাত্রাটি ছিলো খুবই বর্ণিল ও আলোচিত। এতে ঐতিহ্যবাহী গ্রামীণ উপকরণ, বিচিত্র মুখোশ, ফেস্টুন ও প্ল্যাকার্ডের সমাহার এবং লোকজ সাজে সজ্জিত অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে অসাম্প্রদায়িক চেতনায় উদ্দীপ্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।



