সিরিজ জয় মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের উৎসর্গ

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘সোমবার বাংলাদেশে যা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। আমরা এই জয়টি উৎসর্গ করতে চাই সেই সব মানুষদেরকে, যারা গতকালের ঘটনার শিকার হয়েছেন ও প্রাণ হারিয়েছেন।’
মঙ্গলবার মিরপুরে আগে ব্যাটিং করে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের লড়াকু সংগ্রহে বড় অবদান জাকের আলীর। তিনি ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে অবদান রাখেন। ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের টপ অর্ডার থেকে মিডল অর্ডার। শেষ পর্যন্ত তারা ১২৫ রানে অলআউট হলে বাংলাদেশ ৮ রানের জয় পায়। এই জয়ে ম্যাচ সেরা হন জাকের।
সংবাদ সম্মেলনে জাকের জানালেন বুকে চাপা কষ্ট নিয়েই তারা মাঠে নেমেছিলেন, ‘বিষয়টা কঠিন ছিল। গতকালকের ঘটনায় বুক খুব ভারি হয়েই কেটেছে আসলে। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য না। সবার জন্য দোয়া করেছি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’
জাকের আরও বলেন, ‘দলে হিসেবে আমাদের মাঠে পারফরম্যান্স করা কঠিন ছিল। সবারই মন খারাপ ছিল। কিন্তু আমরা পেশাদার, আমাদের মাঠে নামতেই হবে। সব ভুলে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’




