শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক। তিনি শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হবে এবং ধাপে ধাপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা হবে। এছাড়া অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টে অর্থায়ন, দুর্নীতির তদন্ত এবং দ্রুত কমিটি গঠন করা হবে। দক্ষ ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালা প্রণয়ন করা হবে। শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক ও সম্মানজনক বেতন স্কেল চালু করা হবে। বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বিনোদন ভাতা বৃদ্ধি করা হবে। এনটিআরসিএ’র নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা এবং যোগ্যদের নিয়োগ নিশ্চিত করা হবে। দুর্নীতিমুক্ত ও দক্ষ শিক্ষা প্রশাসন গড়ে তোলা হবে। চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদান করা হবে। যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত করা হবে। কারিগরি শিক্ষার উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের এসব দাবি-দাওয়া বাস্তবায়নে ভবিষ্যতে তাদের আর রাস্তায় নামতে হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এমপি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের সম্মান ও অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে বক্তারা শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা, পদোন্নতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের দাবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।




