চাঁদপুর সকাল

শাকিব-চঞ্চল-নিরবদের নিয়ে নিউইয়র্কে বসছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’

প্রায় ১৬ ঘন্টা আগে
শাকিব-চঞ্চল-নিরবদের নিয়ে নিউইয়র্কে বসছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’
বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও ফ্যাশন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।

‘শো টাইম’-এর প্রেসিডেন্ট খাইরুল ইসলাম খোকন ও ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিনোদন অঙ্গনে অবদান রাখা শিল্পীদের সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি থাকবে শিল্পীদের পরিবেশনা ও সংগীতের আয়োজন।

ইতিমধ্যে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা শাকিব খান, চঞ্চল চৌধুরী, নিরব হোসাইন, তমা মির্জা, স্পর্শিয়া, দীঘি, শিরীন শিলা, সংগীতশিল্পী রিজিয়া পারভীন ও এস আই টুটুলসহ আরও অনেকে। তবে এবার কারা সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

এবারের আয়োজনে শাকিব খান সম্মাননা গ্রহণের পাশাপাশি সম্মাননা প্রদান ও পারফরম্যান্সেও অংশ নেবেন। প্রায় পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই আয়োজনে দেখা যাবে তাকে। ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে সর্বশেষ অংশ নিয়েছিলেন এই অভিনেতা।

‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অভিনেতা চঞ্চল চৌধুরীর। ‘মনপুরা’ সিনেমা মুক্তির পর ২০১০ সালে প্রথমবার এই আয়োজনে অংশ নেন তিনি। এরপর আরও কয়েকবার ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন এই অভিনেতা। এবারের আয়োজনের জন্যও শুভকামনা জানিয়েছেন তিনি।

অভিনেত্রী স্পর্শিয়াও অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রে তার আত্মীয় থাকায় নিয়মিত সেখানে যাতায়াত করেন তিনি। চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন স্পর্শিয়া। আবারও ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাবেন এই অভিনেত্রী।

এদিকে বর্তমানে কানাডায় অবস্থান করছেন শিরীন শিলা। অনুষ্ঠান শুরুর আগেই তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন রিজিয়া পারভীন। এর আগেও ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন এই শিল্পী। এবারও গান নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।