মতলব উত্তরে মেঘনা নদীতে ইলিশ রক্ষা অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল আটক

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মেঘনা নদীতে পরিচালিত অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর, জহিরাবাদ ও মোহাম্মদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জব্দকৃত সব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মিলন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কমলেশ সরকার ও মোশারফ হোসেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, “ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এই অভিযান চলছে।
আজকের অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।




