মেহের ডিগ্রি কলেজের জাতীয়করণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, ৫.৮২ কোটি টাকার সম্পদ হস্তান্তর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ (সরকারিকরণ)-এর লক্ষ্যে কলেজের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তির দানপত্র দলিল আনুষ্ঠানিকভাবে সরকারের নিকট হস্তান্তর করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) সকালে কলেজ গভর্নিং বডির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই দানপত্র দলিল হস্তান্তর সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।
কলেজ গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রূপনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মমিনুল হক বলেন, "সরকারের ১০০ দিনের বিশেষ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণ করা হলো। এই অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে।"
তিনি আরও বলেন, "বর্তমান সরকার এলাকার সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। অতি শীঘ্রই চিতোষীতে ডাকাতিয়া নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং খিলা ব্রিজ ও সুচিপাড়া ব্রিজের কাজ শুরু করা হবে। এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। জনগণকে শান্তিতে রাখতে আমরা সোচ্চার রয়েছি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মকবুল হোসাইন এবং এ. হান্নান।
জাতীয়করণ প্রক্রিয়ার অংশ হিসেবে কলেজের প্রায় ৫ কোটি ৮২ লাখ টাকা মূল্যের ২.৪৭ একর জমি এবং তহবিল স্থিতি হিসেবে নগদ ১৬ লাখ টাকা সরকারের অনুকূলে হস্তান্তর করা হয়। এ সময় হস্তান্তরিত দলিলে সরকারের পক্ষে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।




