জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম আর নেই

জাতীয় পার্টি (জাফর)–এর প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এসএমএম আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
চাঁদপুরের এই কৃতী সন্তান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা চাঁদপুরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
এসএমএম আলমের রাজনৈতিক যাত্রা শুরু ছাত্রজীবনেই। ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি ভাসানী ন্যাপে যোগ দেন। আশির দশকে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। নিজ দক্ষ বক্তৃতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে দল ও জনগণের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত।
এরশাদের জীবদ্দশায় দলের ভেতরের মতবিরোধের কারণে এসএমএম আলম কাজী জাফর আহমেদের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর) গঠনে অংশ নেন এবং দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন।
কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় অবস্থানরত পুত্রের কাছে গিয়ে ওপেন হার্ট সার্জারি করান তিনি। দীর্ঘদিন সেখানকার চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছিলেন।




