চাঁদপুর সকাল

হাজীগঞ্জে শ্রমিকদের উপর হামলায় আহত ১২ : উত্তেজনায় ১৫ বাস ভাংচুর

প্রায় ৯ ঘন্টা আগে
হাজীগঞ্জে শ্রমিকদের উপর হামলায় আহত ১২ : উত্তেজনায় ১৫ বাস ভাংচুর

হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের উপর হামলা ও বাস ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।


বুধবার (২০ মে) সন্ধ্যায় পৌরসভাধীন বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পরিবহন শ্রমিকদের দাবি, অতর্কিত হামলায় তাদের ১৫টি বাস ভাংচুর করা হয়েছে এবং অন্তত ৫০ জন শ্রমিক আহত হয়েছেন।


তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন— মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬) ও রিদয় হোসেন (২৪)।


চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে রাখা বাসগুলোর পাহারায় থাকাকালীন হঠাৎ অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এসময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাংচুর করা হয়। বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক জানান, হামলার ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও বিচারের দাবি জানান।


এদিকে হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে শ্রমিকরা ঘোষণা দিয়েছেন, বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে বোগদাদ ও আইদি পরিবহনের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে।


অন্যদিকে বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী জানান, অন্ধকারের মধ্যে কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি খুব দ্রুত ঘটে যাওয়ায় স্থানীয়রাও হতবাক হয়ে পড়েন।


হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।