চাঁদপুর সকাল

ফরিদগঞ্জে হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত : গ্রেফতার ৩

৫ মাস আগে
ফরিদগঞ্জে হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত : গ্রেফতার ৩
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ইজমালি জমির রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছোট ভাই নুর মোহাম্মদ খান (৫০) হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় মূল অভিযুক্ত নুর মোহাম্মদ খান (৫০), তার ভাই শাহজালাল (৪০) ও শাহজালালের স্ত্রী আসমা বেগমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।


ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।