চাঁদপুর সকাল

বড় সুখবর পেলেন রিশাদ

১০ মাস আগে
বড় সুখবর পেলেন রিশাদ
অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের আগের মৌসুমে হোবার্টে হারিকেন্সে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন রিশাদ। বিসিবি থেকে এনওসি পাওয়ার কথা থাকলেও বিপিএলের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি তার। সেবার রিশাদকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছিল হোবার্ট হারিকেন্স। টাইগার স্পিন অলরাউন্ডার আগের মৌসুমে খেলতে না পারলেও আসন্ন মৌসুমে আবারও সুযোগ পাচ্ছেন বিগ ব্যাশ মাতানোর। আসন্ন মৌসুমের জন্য এবারও রিশাদকে ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। এবার যদি রিশাদ বিসিবি থেকে এনওসি পায়, তাহলে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন এই টাইগার লেগ স্পিনার।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। সাবেক টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্ন রেনেগেডসে খেলেছিলেন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়ে দারুণ সুনাম কুড়ান রিশাদ। এর পর থেকেই ডাক আসতে থাকে নানা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে। সর্বশেষ পিএসএলের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে নিজের ভেলকি দেখিয়েছেন রিশাদ। সবশেষ বিপিএলেও ফরচুন বরিশালকে শিরোপা জেতান তিনি। 

এদিকে রিশাদের পাশাপাশি বিগ ব্যাশের নতুন আসরের জন্য  নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার। এদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।